দলীয় বা ব্যক্তির অধীনে কোন নির্বাচন নয় : খালেদা
নিজস্ব প্রতিবেদক :‘জনগণের দিকে ক্ষমতাসীনদের দৃষ্টি নেই’ অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘এ সরকারের অবস্থা হচ্ছে গ্যাস নাই, বিদ্যু নাই, পানি নাই, এখন শুধু নাই নাই নাই। কিন্তু যা নাই সে দিকেও সরকারের নজর নাই। সরকারের নজর শুধু খাই খাই খাই। এই নাই নাই নাই আর খাই খাই খাই বন্ধ করতে হবে। এজন্য জনগণকে রাজপথে নামতে হবে।’ রোববার মহানগর নাট্যমঞ্চ চত্বরে অনুষ্ঠিত দিনব্যাপী গণঅনশনে দেওয়া সমাপনী বক্তৃতায় তিনি এ কথা বলেন। খালেদা জিয়া বলেন, ‘দলীয় বা ব্যক্তির অধীনে কোন নির্বাচন নয়। প্রেসিডেন্ট দলের লোক, সুতরাং তার অধীনেও নির্বাচন সম্ভব হয়।’ তিনি বলেন, ‘তত্ত্বাবধায়কের অধীনেই নির্বাচন দিতে হবে। দিলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, গণতন্ত্র ফিরে আসবে, ভোটের অধিকার ফিরে আসবে।’ খালেদা জিয়া বলেন, `সরকারের মাথা খারাপ হয়ে গেছে। কারণ, তারা যখন ক্ষমতায় আসে তখন মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন প্রতিশ্রুতি পালন না করে নিজেরাই লুটপাটে ব্যস্ত রয়েছে।’ তিনি বলেন, ‘এ সরকার বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করেছে। কিছুদিন আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে গুম করেছে। বিএনপির একজন কাউন্সিলর চৌধুরী আলমকে গুম করেছে। এ সরকার এ পর্যন্ত ১২২ জনকে গুম করেছে।’ তিনি বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা গুম, হত্যা, নির্যাতন ও দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সব সময় প্রস্তুত।’












